প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০:২০
চাঁদপুর জেলা রোভার স্কাউটসের নির্বাহী সভায় তৃতীয় জেলা রোভার মুট অনুমোদন
তরুণ সমাজকে দক্ষ ও দেশপ্রমিক বানাতে স্কাউটিংয়ের বিকল্প নেই
---জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে বাংলাদেশ স্কাউটস্, চাঁদপুর জেলা রোভারের এক গুরুত্বপূর্ণ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি আহমেদ জিয়াউর রহমান ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর সভায় উপস্থিত নির্বাহী সদস্যদের সাথে আনুষ্ঠানিক পরিচয় পর্ব সম্পন্ন হয়।
জেলা রোভারের সম্পাদক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী বিগত ২০২৫-২০২৬ সেশনের বাস্তবায়িত বার্ষিক কর্ম পরিকল্পনা এবং আগামী ২০২৬-২০২৭ সেশনের নতুন কর্ম পরিকল্পনা সভায় পেশ করেন। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কর্ম পরিকল্পনাটি অনুমোদিত হয়।
সভায় জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : তৃতীয় জেলা রোভার মুট ২০২৬ অনুমোদন এবং রোভারদের জন্যে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স আয়োজন। এছাড়া সভায় রোভারদের কক্ষ ব্যবহারের অনুমতি, বার্ষিক রোভার ফি সংগ্রহ এবং নির্বাহী কমিটিতে নতুন সদস্য সংযোজন-বিয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, তরুণ সমাজকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। চাঁদপুর জেলার রোভার স্কাউটিংয়ের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
উল্লেখিত সভায় চাঁদপুর জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।








