প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২২
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি খেলাফত মজলিসের

পবিত্র মাহে রমজান সিয়াম, সংযম ও তাকওয়ার মাস। এ মাসে দেশের মুসলমানগণ ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মশুদ্ধিতে নিয়োজিত থাকেন। কিন্তু দুঃখজনকভাবে প্রতি বছর রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়, যা সাধারণ মানুষের জন্যে চরম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
|আরো খবর
খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার সভাপতি তোফায়েল আহমদ ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ মনে করেন—রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। বিশেষ করে চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী যেন মজুতদারি, কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণকে জিম্মি করতে না পারে—সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।
একই সঙ্গে রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। সেহরি ও ইফতারের সময় বিদ্যুৎ বিভ্রাট জনদুর্ভোগ বাড়ায় এবং ইবাদত-বন্দেগিতে বিঘ্ন সৃষ্টি করে। তাই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা শক্তিশালী ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—১. রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং টিম গঠন করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। ২. অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ৩. টিসিবি ও ন্যায্যমূল্যের দোকানের কার্যক্রম জোরদার করে নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে হবে। ৪. সেহরি ও ইফতারের সময়সহ সার্বিকভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।নেতৃবৃন্দ বলেন, রমজান মাসকে পুঁজি করে জনগণের কষ্ট বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে আন্তরিক ভূমিকা পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ ও বাস্তবায়নের তৌফিক দান করুক।








