সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২:০৯

জেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ

আব্দুল্লাহ আল মামুন
জেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় অনুষ্ঠিত আন্তঃস্কুল শিক্ষার্থীদের ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শতবর্ষের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। জেলার ছয়টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য, দলীয় সমন্বয় ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জয় করে প্রতিষ্ঠানটি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো ছিলো : বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, মৈশাদী উচ্চ বিদ্যালয়, ষোলঘর উচ্চ বিদ্যালয়, বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি, এমএম নূরুল হক উচ্চ বিদ্যালয় এবং হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়। সোমবার (১৫ জুন ২০২৬) বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলা উপহার দেয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভলিবল দল। একের পর এক শক্ত প্রতিপক্ষকে পরাজিত করে তারা ফাইনালে পৌঁছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলো শক্তিশালী বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি।

জমজমাট ও দর্শক-উপচেপড়া ফাইনাল ম্যাচে বাবুরহাটের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক, নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ খেলা প্রদর্শন করে। নিখুঁত সার্ভিস, চমৎকার ব্লক এবং দুর্দান্ত স্ম্যাশের মাধ্যমে তারা প্রতিপক্ষকে চাপে রাখে। দলের খেলোয়াড়দের অসাধারণ সমন্বয় ও লড়াকু মানসিকতার ফলে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ২-০ সেটে বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।

এ বিষয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এমপিওভুক্ত শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান জানান, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সারা বছরই খেলাধুলার সাথে যুক্ত থাকে। তাদের এই অর্জনে আমাদেরসহ এই অঞ্চলের সকলেই খুব খুশি। খেলাধুলা তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখে এবং তাদের শারীরিক ও মানসিক গঠন পরিপূর্ণভাবে হয়। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ তাদের ঐতিহ্য সবসময় ধরে রাখবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেয়া হয়। বিজয়ের পর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ক্যাম্পাসজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বড়ো সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে।

শতবর্ষের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। জেলার অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে জেলা ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সর্বশেষ জেলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করলো— শিক্ষা ও খেলাধুলা, উভয় ক্ষেত্রেই বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ সমানভাবে এগিয়ে চলেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়