সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ২১:০৪

কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি।। ঢাকা মেডিকেলে ভর্তি

স্টাফ রিপোর্টার
কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি।। ঢাকা মেডিকেলে ভর্তি

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। উন্নত চিকিৎসার জন্যে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ৬টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ বোধ করেন। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​দীপু মনিকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে তাঁর চিকিৎসা চলছে। ​

হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্যে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দীপু মনির কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। এসব কারণে তাঁকে নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। অসুস্থবোধ করলে তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বপালন করেন। তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশছাড়ার পর আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেক নেতা আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী অনেক ব্যক্তিকে পরে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডা. দীপু মনিও রয়েছেন, বর্তমানে যিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়