প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০
চিংড়ি প্রতীকের সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকায় জনসভা
১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দেবেন ও ফলাফল নিয়ে উপজেলায় আসবেন
........... এমএ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চিংড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল নিয়ে উপজেলায় আসবেন। ভোট আপনার পবিত্র আমানত, কেউ যেনো তা খেয়ানত করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন। আর যে ক'দিন বাকি রয়েছে সকলে ঘরে ঘরে যেয়ে আমার পক্ষ হয়ে চিংড়ি প্রতীকের জন্যে ভোট প্রার্থনা করুন। যতই ঝড় ঝাপটা আসুক, আমরা কোনোভাবেই পিছু হটবো না। প্রশাসনকে বলছি, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন, আমরা কোনো সহিসংতা ও হানাহানি চাই না। ফরিদগঞ্জের মানুষ এবার জেগেছে, তারা এবার নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে। দল ভুল করলেও তারা আর ভুল করবে না বলে ওয়াদা করেছে। তাই জনতার প্রতীক চিংড়ির বিজয় নিশ্চিতে ঝাঁপিয়ে পড়ুন। আর আরেকটি কথা, আমরা আমাদের মাতা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো উদার । নির্বাচনের পর আমরা সব ভুলে যাবো। যদিও ওরা এখন থেকেই হুমকি-ধমকি দিচ্ছে, তবে কোনো হুমকি-ধমকিতে আমরা পিছপা হবো না। জয়ের মালা নিয়েই ঘরে ফিরবো।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ডে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম মুকুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, সাবেক প্যানেল মেয়র জাকির গাজী প্রমুখ।








