প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
গণঅভ্যুত্থানের আগে ও পরে মানুষ যা দেখেছে তাতে লাঙ্গলই তাদের ভরসা
.........জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেছেন, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে ছিলো উন্নয়নের স্বর্গযুগ। বিগত আওয়ামী আমলের ১৭ বছরে এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে দখল, খুন, মব,
অনিয়ম-দুর্নীতি কারা করেছে? সবদিক দিয়েই জাতীয় পার্টি সেরা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ মঙ্গলের প্রতীক লাঙ্গলকে বেছে নেবে এবং জয়যুক্ত করবে। কারণ এদেশের মানুষ এখনো বলছে, এরশাদের সময়েই ভালো ছিলাম। তার মানে মরহুম এরশাদ তথা জাতীয় পার্টির শাসনামলে এদেশে সুশাসন ছিলো, উন্নয়ন ছিলো, সুখ ছিলো । তাই মানুষ কথিত বড়ো দলগুলোকে বাদ দিয়ে লাঙ্গলকেই বেছে নেবে। আমাদের নেতা দলের প্রেসিডেন্ট জি এম কাদের ইতোমধ্যেই মাঠে ময়দানে ঘুরে ঘুরে মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন। মানুষ আবারো সুখের জগতে ফিরতে চায়, যা একমাত্র জাতীয় পার্টিই দিতে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার রূপসা, পাইকপাড়া, গুপ্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথাগুলো বলেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, পৌর জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিনসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








