প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০
আমিও বিএনপি করি, তবে আমার তথা জনগণের মার্কা চিংড়ি
........ এম এ হান্নান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান বলেছেন, আমিও বিএনপি করি। বিএনপি আমাকে দল থেকে বহিষ্কার করলেও এখনো আমি মনেপ্রাণে বিএনপি করি। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের অগণিত নেতাকর্মী ও সাধারণ জনগণের জন্যে। তাদের ভালোবাসায় আমি সিক্ত। তাদের কথা রক্ষায় আমি মাঠে নেমেছি। আমিও বিএনপি করি, তবে আমার তথা জনগণের মার্কা চিংড়ি। আগামী ১২ ফেব্রুয়ারিতে চিংড়ির বিজয়ের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিন, দল ভুল করলেও ফরিদগঞ্জবাসী কোনো ভুল করে নি। একজন প্রার্থী ভুয়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ করছে। অন্যদিকে আরেকজন নেতা নিজেকে তদবিরবাজ হিসেবে চিহ্নিত করে সরকারি সকল কাজ এনে দিবেন বলে ঘোষণা দিচ্ছেন। এসবের ফাঁদে আপনারা পড়বেন না।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল বাশার মুকুল পাটওয়ারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মিজি।








