প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৮
জনবান্ধব নেতৃত্বে ধানের শীষ এগিয়ে
---জমিয়তের পথসভায় মুফতি সিরাজুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ।
|আরো খবর
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা, চান্দ্রা বাজার, হরিনা, লক্ষ্মীপুর, দোকানঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং একাধিক মাদ্রাসায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক বাদশা, যুব জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ প্রতীকই আজ জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। শেখ ফরিদ আহমেদ মানিক একজন জনবান্ধব ও গ্রহণযোগ্য নেতা, যিনি জনগণের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে সক্ষম হবেন।”
তিনি আরও বলেন, “জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
একই দিন বিকেলে চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কল্যান্দি, বাবুরহাট, শিলন্দিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন এবং বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।








