শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

ধানের শীষের পক্ষে অ্যাড. ইকবাল-বিন-বাশার ও ইব্রাহিম জুয়েলের নির্বাচনী প্রচারণা

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
ধানের শীষের পক্ষে অ্যাড. ইকবাল-বিন-বাশার ও ইব্রাহিম জুয়েলের নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে অ্যাড.

ইকবাল-বিন-বাশার এবং কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে শহরের পুরাণবাজার ও নতুন বাজার এলাকায় এই প্রচারণা চালানো হয়। চাঁদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট চেয়ে দলীয় নেতাকর্মীরা এই গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।

​নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা বিএনপির সদস্য সোলায়মান ঢালী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব বিন সায়েদ লিটনসহ অন্য নেতৃবৃন্দ।

​নেতাকর্মীরা শহরের পুরাণবাজার লোহারপুল এলাকা থেকে একটি মিছিল নিয়ে ব্রিজ পার হয়ে কালীবাড়ি, শপথ চত্বর ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন হাট-বাজার, বিপণীবিতান, সড়কে চলাচলরত যানবাহনের চালক ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়।

​অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার বলেন, এদেশের গণতন্ত্রকামী আপামর জনতার সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল বিএনপি। যার প্রতিষ্ঠা করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এছাড়া বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই প্রতীকে নির্বাচন করেছেন। বর্তমানে ধানের শীষের কাণ্ডারী এবং বিএনপির নেতৃত্বে রয়েছেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান।

​তিনি আরো বলেন, আমাদের আস্থা, ভালোবাসা এবং আবেগের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানাই। বিশেষ করে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবো। আমাদের শুধু ভোট দিয়েই ক্ষান্ত হলে হবে না, ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে কোনো অপশক্তি আমাদের আমানত ছিনতাই করতে না পারে। ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে।

​জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, ধানের শীষ এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। দেশের বর্তমান সংকট উত্তরণে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এবং এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যে প্রায় দু যুগ ধরে লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। অথচ একটি গোষ্ঠী এখনো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিষয়ে আমাদের সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

​তিনি আরো বলেন, চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক আমাদের ধানের শীষ প্রতীকের কাণ্ডারী। তিনি উন্নয়নশীল এবং কর্মসংস্থানবান্ধব চাঁদপুর গড়ে তোলার স্বপ্ন দেখছেন; যে চাঁদপুরে সন্ত্রাস, দুর্নীতি, মাদক এবং অবিচার থাকবে না। তরুণ প্রজন্মের সেই স্বপ্নের চাঁদপুর বিনির্মাণে আমরা শেখ ফরিদ আহমেদ মানিককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, এই আসনের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপির বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়