প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫
ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের মিছিল সমাবেশ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতীক ধানের শীষের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ছাত্রদল নেতা আশিকুর রহমানের নেতৃত্বে মিছিলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সদস্য লায়ন আলআমিন উপস্থিত ছিলেন। এছাড়া মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত সদস্যসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর
মিছিলশেষে ফরিদগঞ্জ থানার মোড়ে অনুষ্ঠিত পথসভায় ছাত্রদল নেতা আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, বিএনপির মার্কা একটাই ধানের শীষ। আর কোনো মার্কা নেই। যারা বিএনপি পরিচয় দিয়ে অন্য মার্কায় ভোট চাচ্ছে, তাদের বিষয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের নির্দেশনা পৌঁছে দিতে হবে। বেগম খালেদা জিয়ার এদেশের মানুষের প্রতি ভালোবাসার কথা জানান দিতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সকল অপশক্তি বিলীন হবে। বিএনপি সামনে হাঁটার দল পেছনে হাঁটার দল নয়। এটা সকলকে মনে রাখতে হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সদস্য লায়ন আল-আমিন বলেন, আমরা অনেকেই মনোনয়ন চেয়েছি। কিন্তু দল একজনকেই দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু দলের নির্দেশনা না মেনে দলের বিরুদ্ধে নির্বাচন করা মোটেই শোভনীয় নয়। আমরা ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এসবের বিরুদ্ধে জয়ী হবো। ধানের শীষের জন্যে কোনো ছাড় দেয়া হবে না। কে কী বললো, সেদিকে তাকানোর সুযোগ নেই। ১২ তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবো। আমাদের এই প্রতীক কোনো ব্যক্তির নয়, দলের প্রতীক। তাই দলের বিরুদ্ধে অবস্থান কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। ব্যক্তি আছে থাকবে চলে যাবে। কিন্তু দল ও প্রতীক থাকবে। তাই এখনো সময় রয়েছে, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার জন্যে সকলেকে উদাত্ত আহ্বান জানান।








