প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৩:৪৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল দেওয়ার সময় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় বাস চাপায় মোহাম্মদ শফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২২ জুন ২০২৬, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে টোল পরিশোধ করার সময় পেছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও গ্রামের মরহুম মোহাম্মদ ইউনুস মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন এবং প্রতিদিন নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে করে ঢাকায় কর্মস্থলে যাতায়াত করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শফিকুল ইসলাম মোটরসাইকেলের টোল পরিশোধ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে যান এবং বাসের পেছনের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এক্সপ্রেসওয়ের উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এদিকে শফিকুল ইসলামের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ তার গ্রামের বাড়িতে ভিড় জমান।
পরদিন ২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, উত্তর কামারগাঁও আলেমন নেছা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মরহুমের সহকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
ডিসিকে /এমজেডএইচ







