প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৫
শীর্ষ মাদক কারবারি শাহজাহান গাজী গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি শাহজাহান গাজীকে ১৮১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ওই ইউনিয়নের লক্ষ্মীপুর শাহী মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসা এই ব্যক্তির গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর শাহী মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শাহজাহান গাজীকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান গাজী দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ নানা ধরনের মাদকের অবৈধ কেনাবেচা ও সরবরাহ চালিয়ে আসছিলেন। এর আগেও তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করেছিল এবং ওই সময় তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, শাহজাহান গাজীর মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় মাদক ছড়িয়ে পড়ত। পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
চিহ্নিত এই মাদক কারবারির গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও তাদের দাবি, শুধু শাহজাহান গাজী নন, এই মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্য সহযোগীদেরও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।







