প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৫:২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু, পরিচয়পত্রে মিললো পরিচয়

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ছায়াবাণী রেলক্রসিং পার হয়ে কিছুটা পূর্বে পৌঁছালে পথচারী ওই শিক্ষার্থী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের কাছে থাকা 'বিষ্ণুদী ইসলামিয়া (মোহসিনিয়া) ফাজিল ডিগ্রি মাদ্রাসা। একটি পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত ছাত্রীর নাম তায়েবা আক্তার। তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী (রোল : ৫৬)। তার বাবার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম। পরিচয়পত্রে রক্তের গ্রুপ 'O-' (ও নেগেটিভ), জন্মতারিখ ২৪ জুলাই ২০১২ এবং একটি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে। তবে দুর্ঘটনার সময় তিনি কেন রেললাইনের ওপর ছিলেন এবং কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানায়, নিহতের সঠিক পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেওয়ার চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ উদ্ঘাটনে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।







