প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:০২
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঠিকাদার নাছির উদ্দিন সাগর খুন
লক্ষ্মীপুর ও চাঁদপুরে জানাজাশেষে দাফন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ এবং সন্ত্রাসীদের চাহিদামতো চাঁদা না দেওয়ায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন লক্ষ্মীপুর জেলার রায়পুরের ঠিকাদার মো. নাছির উদ্দিন সাগর (৩২)। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক জসীমউদ্দীন হৃদয়ের ছোট ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, সাগরের পৈতৃক নিবাস চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের কেতুয়া (মহামায়া বাজার) গ্রামে। তাঁর বাবার নাম মো. জুলফু হজি। ঠিকাদারির সুবাদে সাগর লক্ষ্মীপুরের রায়পুরে বসবাস করতেন। মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দুর্বৃত্তদের চাঁদা না দেওয়ায় সম্প্রতি রায়পুরে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তদের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকাবস্থায় গত মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। নাসির মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও এক স্ত্রী রেখে গেছেন।
হত্যাকাণ্ডের শিকার নাসির উদ্দিন সাগরের দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) লক্ষ্মীপুরের রায়পুরে অ্যাডভোকেট আব্দুল মজিদ চৌধুরীর বাসার সামনে হালিমা মাদ্রাসায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। এ সময় সাগরের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র এ.বি.এম. জিলানী, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর, ইউসুফ ঠিকাদার এবং শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরদিন বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সাগরের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কেতুয়ায় আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল সাড়ে ৭ টায় কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব সমাবেশে উপস্থিত থেকে সাগরের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মজিবুর রহমান ঢালী, ৩নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা শাহজালাল দেওয়ান ও সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী। মরহুমের বড়োভাই সাংবাদিক জসিম উদ্দিনের মরহুমের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন এবং আক্ষেপ করে বলেন, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আজ আমার ভাইকে জীবন দিতে হলো। আমাদের পাশে নেই রাষ্ট্র ও সমাজ। তিনি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আলহাজ্ব কালাম পাটোয়ারীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উপস্থিত বক্তারা অবিলম্বে নাসির উদ্দিন সাগরের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







