প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৪:৫৭
মতলব উত্তরের বিভিন্ন বাজারে মূল্য তালিকা নিয়ে অভিযান

পবিত্র রমজান উপলক্ষে মতলব উত্তর উপজেলার বিভিন্ন হাট বাজারে দ্রব্যমূল্যের তালিকা নিয়ে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। সম্প্রতি তিনি বিভিন্ন বাজারে বাজারে ছুটে চলেছেন এবং জনসচেতনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
|আরো খবর
উপজেলার ছেংগারচর বাজার, গজরা বাজার, কালীপুর বাজার, নতুন বাজার সহ বেশ ক'টি বাজারে তিনি মোবাইল কোর্ট পরিচলনা করেছেন এবং খাদ্যদ্রব্যের মূল্য তালিকা যাচাই বাছাই করেছেন। সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুরে তিনি সুজাতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় খাবার দোকান, মুদি-মনোহরি, ফলের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালান। এক মিষ্টির দোকানদারকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন। এছাড়াও সকল দোকানদার ও বাজারের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে সচেতন করেন, যাতে সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতাদের স্বার্থে মূল্য তালিকা টানানো রাখেন।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, কাউকে জরিমানা করা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো মানুষ সচেতন হবে। মানুষের স্বার্থে মানুষ কাজ করবেন। ব্যবসায়ীরা সচেতন হলে কোনো সিন্ডিকেট হবে না। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হবে না। তাই সকল ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সব দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখতে হবে। সকল বাজারে আমরা জনসচেতনতার জন্যে কাজ করে যাচ্ছি।








