প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২১:৫৪
কচুয়ায় পরিবহন থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেফতার ২

হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে দু যুবককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
|আরো খবর
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ ২০২৬) কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নোমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কচুয়া বিশ্বরোড এলাকায় নিউ লাইফ হাসপাতালের সামনে মহাসড়কে ক'জন ব্যক্তি বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছে। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪) এবং পৌরসভাধীন পলাশপুর গ্রামের মফিজ মিয়ার পুত্র জাহিদ হাসান ফরহাদ (২৩)।কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীরা মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করছিলো। এ সময় তাদের আটক করে উদ্ধারকৃত আলামতসহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এসআই নোমান হোসেন বাদী হয়ে কচুয়া থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪(১)/৫ ধারায় মামলা দায়ের করেন।
মামলা নং- ১৩/৬২, তারিখ- ৭ মার্চ ২০২৬। গ্রেফতারকৃত দু আসামিকে রোববার (৮ মার্চ ২০২৬) পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।







