প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১৭:১০
কচুয়ায় পুলিশি অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

|আরো খবর
কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) পৌরসভাধীন পূর্ব কড়ইয়া গ্রামে এবং সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : কড়ইয়া গ্রামের সিদ্দিক ডিলার বাড়ির আব্দুল কাদেরের ছেলে মনির হোসেন, একই গ্রামের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে নূরে আলম (চায়না)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পৃথক আরেকটি অভিযানে সাচার পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ রমজান আলী (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি সাচারের রাণীর দিঘিরপাড় এলাকার গনি মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত রমজানকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাকে নির্দিষ্ট মেয়াদে সাজা প্রদান করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে কচুয়া থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।








