প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬
চাঁদপুরে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি উদ্বোধন
শহর পরিচ্ছন্নতায় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা

মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে 'ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি' শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন জেলার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী পর্বশেষে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সরাসরি নেতৃত্বে শহরের ব্যস্ততম বিপণীবাগ এলাকায় এক পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা। এছাড়া জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ জেলা রোভার স্কাউট, বিএনসিসি এবং ‘ক্লীন চাঁদপুর’সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিজ নিজ বাসা-বাড়ি, আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।







