প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩
ইলিশের বাড়ি চাঁদপুর-৯৯ ব্যাচ অতীত কথা, সংগঠন এবং সাফল্য

বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে নিজেদের মধ্যে সহযোগিতার পাশাপাশি মানবকল্যাণে অন্যদের পাশে দাঁড়ানোর ইতিহাস এবং ‘বন্ধু’ শব্দকে পুঁজি করে দেশে ও দেশের বাইরে বিশাল প্ল্যাটফর্ম তৈরিতে এসএসসি-৯৯ ব্যাচের বিকল্প নেই। শিরোনাম দেখে হয়তো অনেকে আমার লেখার ধরন বুঝতে পেরেছেন। স্মৃতিতে থাকা অতীত এবং বর্তমানে এসএসসি নাইনটি নাইন ব্যাচের আমরা কে কী করছি? কীভাবে সংগঠন নিয়ে কাজ করছি? কোথায় আছি? কেমন আছি? দিন দিন পরিচিতজনের সংখ্যা কীভাবে বৃদ্ধি পাচ্ছে? ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করব।
১৯৯৯ সালে যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি, তখন আমরা কেউ কি চিন্তা করেছি, এমন একটি প্ল্যাটফর্মে একসময় আমরা উপনীত হতে পারব? আমার মনে হয়, এর জবাব আমার মতোই সবার হবে, তাই না? কিন্তু আমরা যাঁদের কারণে এবং যেসব ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আজকের এসএসসি নাইনটি নাইন ব্যাচের সুপরিচিত সুফল ভোগ করছি, সেই সব জানা ও অজানা ব্যক্তি এবং গ্রুপ অ্যাডমিনদের সবার প্রতি কৃতজ্ঞতা।
১৯৯৯ সালের আগে যখন আমরা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, তখন অনেকেই নিজ নিজ এলাকায়, আবার কেউ কেউ বিভিন্ন কারণে এলাকার বাইরে অবস্থান করেছি। আমাদের পরিচিতির পর্ব সীমাবদ্ধ ছিল বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীর মধ্যে। ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় আমাদের বন্ধুত্বের যাত্রা শুরু। যারা মফস্বল এলাকায় পড়াশোনা করেছে, তাদের বন্ধুত্বের দূরত্ব ছিল এক বাড়ি থেকে অন্য বাড়ি পর্যন্ত। আর যারা উপজেলা সদর, জেলা সদর কিংবা সিটি ও বিভাগীয় শহরে পড়াশোনা করেছে, তাদের বন্ধুত্বের সীমাবদ্ধতা ছিল একটি পাড়া কিংবা মহল্লার মধ্যে। সেই গণ্ডি পেরিয়ে এখন আমরা সারা দেশব্যাপী একটি বিশাল পরিবার এবং এসএসসি-৯৯ মানে একটি বন্ধুত্বের ব্র্যান্ডিং নাম। এই প্ল্যাটফর্মে প্রবেশ করা মানে লক্ষাধিক বন্ধুর সান্নিধ্য পেয়ে যাওয়া।
আমরা যখন এসএসসি পরীক্ষা দিই, তখন আমাদের যে পরিমাণ বন্ধু ছিল, পরীক্ষা পাসের পর এইচএসসিতে এসে বন্ধুর পরিমাণে কিছুটা ঘাটতি দেখা দেয়। নতুন করে বন্ধু খোঁজা, নতুন পরিবেশ, নতুন আঙিনা—সব মিলিয়ে একটি ভিন্ন জগতে আমাদের অবস্থান দাঁড়ায়। এসএসসির গণ্ডি পেরিয়ে আমাদের কিছু বন্ধু পড়াশোনার জীবন থেকে ছিটকে গেছে। অনেকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেছে। তখনকার সময়ে প্রযুক্তির ততটা উন্নতি না থাকায় এবং মোবাইলের ব্যবহার, ফেসবুক ও মেসেঞ্জারে সবার সক্রিয় অংশগ্রহণ অনুপস্থিত থাকায় আমরা জানতে পারতাম না কে কোথায় এবং কীভাবে আছে। হারিয়ে গেছে অনেক পুরোনো স্মৃতি।
একুশে ফেব্রুয়ারির সময় কনকনে শীতে আগের দিন রাতের আঁধারে মানুষের বাড়ি থেকে ফুল চুরি, ফেব্রুয়ারির দিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খালি পায়ে শহীদ মিনারে উপস্থিত হয়ে ফুল দেওয়া, একজনের হাত থেকে অন্যজনের ফুল কেড়ে নেওয়া ইত্যাদি ঘটনা এবং অজস্র দুষ্টুমি আজ স্মৃতির অ্যালবামে এসে নাড়া দেয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগের দিন সারা রাত জেগে মাইকে গান গাওয়া (যদিও আমি নিজে কোনো গান গাইতে পারি না), পছন্দের বান্ধবীর বাড়িতে হানা দেওয়া, অভিভাবকদের (বান্ধবীদের অভিভাবক) ধাওয়া খাওয়া ইত্যাদি যখন মনে পড়ে, তখন আবার সেই আগের দিনে ফিরে যেতে মন চায়।
সে সময়কার ছবি ক্যামেরাবন্দি রাখার বিষয়টি ছিল এক অন্যরকম অনুভূতি। একটি ফিল্মে ৩২টি স্ন্যাপ নেওয়া যেত। গুনে গুনে ছবি তুলতাম। ২০ কিংবা ২৫টি স্ন্যাপ শেষ হলে আর যার-তার ছবি তোলা যেত না। চিন্তাভাবনা করে ছবি তুলতাম। ছবি তোলা শেষ হলে সেই ফিল্ম আবার স্টুডিওতে পাঠানো হতো। মফস্বল এলাকার স্টুডিওর মালিকরা সেই ফিল্ম জেলা শহর কিংবা ঢাকায় পাঠাতেন। পুনরায় আমাদের হাতে ছবি আসতে সময় লাগত প্রায় ১৫ থেকে ২০ দিন। এই ১৫-২০ দিন সময় আমাদের কাছে মনে হতো প্রায় ছয় মাস। কারণ, আমরা অপেক্ষায় থাকতাম কখন গ্রুপ কিংবা একক ছবি আমাদের হাতে আসবে। আবার সেই ছবিগুলো হাতে পাওয়া মাত্র লেমিনেটিং করে রাখার একটা প্রবণতাও ছিল। কিন্তু বর্তমান শিক্ষার্থীদের কাছে সেই অনুভূতি, সেই প্রেক্ষাপট আজ কল্পকাহিনি এবং ইতিহাসের সামিল। ইতোমধ্যে আমাদের মধ্য থেকে অনেক বন্ধু-বান্ধবী মহান বিধাতার ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়ে পরপারে চলে গেছেন। আমি প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সুদীর্ঘ ২১ বছর পর, অর্থাৎ ২০২০ সালে ‘ইলিশের বাড়ি চাঁদপুর-৯৯’ ফেসবুক গ্রুপ আইডিতে আমি যুক্ত হই। ধীরে ধীরে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। আমি যে বিদ্যালয় থেকে এসএসসি শেষ করেছি, এখন আর সেই বিদ্যালয়ের বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইউনিয়ন, উপজেলা এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে সম্পৃক্ত হতে থাকি। পাশাপাশি যুক্ত হতে শুরু করি দেশের সব জেলার বন্ধুদের সঙ্গে। একপর্যায়ে আমিসহ আমার পরিচিত বন্ধুরা ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপে সংযুক্ত হয়ে যাই এবং বর্তমান পর্যন্ত এসএসসি নাইনটি নাইন গ্রুপের একটি বিশাল পরিবারের সক্রিয় বন্ধু হিসেবে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হই। তারই ধারাবাহিকতায় আজ আমরা একটি বিশাল পরিবারের সদস্য।
জেলায় এবং জেলার বাইরে যেকোনো প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমাদের বন্ধুত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমরা নিজেরা যেভাবে উপকৃত হচ্ছি, পাশাপাশি অন্য বন্ধুকে এবং যেকোনো মানুষকে সেবা করার সুযোগ পাচ্ছি। এমন নজির বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো প্ল্যাটফর্মে আমার দৃষ্টিতে নেই।
এসএসসি-৯৯ গ্রুপে সংযুক্ত হয়ে আমরা অনেক মানবতার ফেরিওয়ালার সন্ধান পেয়েছি। যাঁদের নাম বলে শেষ করা যাবে না। তাঁদের মধ্যে কেউ আছেন ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী ও নৌবাহিনীর গর্বিত সৈনিক, ব্যাংকার, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বেসরকারি চাকরিজীবী, আইনজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার বন্ধু। আমি অনেকের নাম জানি, আবার অনেকের নাম জানি না। আমরা তাঁদের প্রতি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ তাঁদের উদ্যোগ এবং সহযোগিতার মাধ্যমেই আজকের বন্ধুদের এই বিশাল পরিবার গড়ে উঠেছে।
আমাদের এত বড় একটি পরিবারে কিছু দুষ্ট ও প্রতারক চক্র থাকবে না, তা হয় না। আমরা এমন নজিরও দেখেছি যে, অসহায়ত্বের কথা বলে ভুয়া আইডি দিয়ে আর্থিক সহায়তা চেয়েছে এবং সহযোগিতার নামে অনেকের সঙ্গে প্রতারণা করেছে। যদিও এর সংখ্যা অত্যন্ত নগণ্য, তবুও আমরা সতর্ক থাকব এবং এদের কারণে আমাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডগুলোকে ব্যাহত হতে দেব না।
আমাদের মানবিক বন্ধুদের অনুকরণে ইতোমধ্যে আমরা ‘ইলিশের বাড়ি চাঁদপুর-৯৯’ বন্ধুদের পরামর্শে অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিই এবং সফলতা পাই। আমরা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বন্ধু মো. আব্দুল্লাহ এবং হাজীগঞ্জ উপজেলার বন্ধু শারমিনকে দৃশ্যমান সহযোগিতা হিসেবে ‘৯৯ বন্ধু স্টোর-১’ এবং ‘৯৯ বন্ধু স্টোর-২’ নামে দুজনকে দুটি দোকান করে দিই, যা এখনো চলমান রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যসেবা, গৃহনির্মাণ, খাদ্যসামগ্রী বিতরণ, টিউবওয়েল স্থাপন, পোশাক ও আর্থিক অনুদানের মতো নানাবিধ কাজ করে যাচ্ছে ‘ইলিশের বাড়ি চাঁদপুর-৯৯’। এসব সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি।‘ইলিশের বাড়ি চাঁদপুর-৯৯’-এর মতো দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শত শত এসএসসি-৯৯ স্বেচ্ছাসেবী সংগঠন আত্মমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসএসসি ১৯৯৯ ব্যাচ করোনাকালীন সময়ে অক্সিজেন সরবরাহ, অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণ এবং ভর্তিতে অর্থসহায়তা করে যাচ্ছে। ঠিক এভাবেই আমরা কোনো জেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেশের এসএসসি-৯৯ ব্যাচের সঙ্গে যুক্ত হয়ে আত্মমানবতার সেবায় কাজ করে যাব—এটাই হোক আমাদের অঙ্গীকার।








