শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৭:১১

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হোক

—ভিসি প্রফেসর ড. এম আতিকুর রহমান

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হোক

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান।

|আরো খবর

তিনি তাঁর বক্তব্যে বলেন, “তোমাদের জাতির স্বার্থে আত্মনিয়োগ করতে হবে। প্রথাগত মানসিকতা পরিবর্তন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক মূল লক্ষ্য। তোমরাই আগামী দিনের কর্ণধার। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীরা সামনের সারিতে ছিল। সর্বশেষ চব্বিশের জুলাই অভ্যুত্থানেও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে।”

শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের রাজনীতিতে সচেতন থাকতে হবে, তবে সেই রাজনীতি হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। নিজেদের সুনাগরিক ও যোগ্য করে গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, “এটা সত্যি যে আমাদের এখনো স্থায়ী ক্যাম্পাস নেই। নিজস্ব ক্যাম্পাসে পড়াশোনার স্বপ্ন ও আকাঙ্ক্ষা সবারই থাকে। আমরাও চাই যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন হোক। আমরা আশাবাদী, অচিরেই সরকার নিজস্ব ক্যাম্পাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। নতুন ও প্রবীণ শিক্ষার্থী এবং শিক্ষকদের এই মিলনমেলায় আমরাও দ্রুত একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাসের প্রত্যাশা করছি। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের সার্বিক উন্নয়নসহ চাঁদপুর মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করছেন।” তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেধা ও দক্ষতার সঙ্গে দেশ গড়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিল কবির নেহালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রিন্স মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট নাজিম উদ্দীন, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পি. এস. মং এবং চবিপ্রবি ছাত্রদলের সদস্য আবু সাঈদ। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন লুমান নূর শাহীন লাবিব, জোবায়ের হোসেন আপন ও সাব্বির হোসেন আসিফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক জাহিদ হাসান জয় এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সৌরভ রায়। মূল আলোচনার পর নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নতুন ও প্রবীণ শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়