রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০১:০৬

চাঁদপুরকে শিক্ষার ‘মডেল জেলা’ হিসেবে গড়ে তুলতে চাই : মাউশি মহাপরিচালক

চলতি মাসেই এনটিআরসিএ’র নতুন নিয়োগ শুরু, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের অ্যাডহক কমিটি

আব্দুল্লাহ আল মামুন
চলতি মাসেই এনটিআরসিএ’র নতুন নিয়োগ শুরু, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের অ্যাডহক কমিটি

চাঁদপুরকে শিক্ষার গুণগত মানোন্নয়নে সারা দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, “শিক্ষার্থীদের ভয় ও চাপমুক্ত আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। মানবিক মূল্যবোধের বিকাশ, কারিগরি শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

শনিবার (১০ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসের ব্যবস্থাপনায় ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাফোডিল ক্যাম্পাসের ইউনুস খান কনফারেন্স হলে আয়োজিত এ সেমিনারে জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

নিজের জন্মভূমি চাঁদপুরের প্রতি বিশেষ অনুরাগের কথা উল্লেখ করে মাউশি ডিজি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা খাতে নতুন করে কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। চাঁদপুরকে এমন একটি আদর্শ শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে, যা সারা দেশের জন্য অনুকরণীয় হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়নে মাউশি সর্বোচ্চ সহযোগিতা করবে।

শিক্ষার নানা সংস্কারের কথা উল্লেখ করে তিনি জানান, শিক্ষক সংকট নিরসনে চলতি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান না চালিয়ে পরিচালনা কমিটিতে গতিশীলতা আনতে দ্রুত স্থায়ী সিদ্ধান্তের দিকে যাওয়া হচ্ছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার অংশ হিসেবে ভালো শিক্ষকদের মানসম্মত ক্লাস রেকর্ড করে ‘বিশ্বাস’ অ্যাপের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং শিক্ষামার্গ দর্শনে নির্ধারিত ৪৩টি নির্দেশনার মধ্যে ইতোমধ্যে ২৯টি বাস্তবায়ন করা হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পাঠদানের জন্য কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ নামে একটি আউটডোর ক্লাসরুম তৈরি করা হচ্ছে, যা পর্যায়ক্রমে মাধ্যমিক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে। পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, প্রতি বৃহস্পতিবার সব বিদ্যালয় ও তার আশপাশ পরিষ্কার করার বিশেষ কর্মসূচি নেওয়া হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।

অন্যান্য বক্তার মধ্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন ও গ্রামীণ বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধির জোর দাবি জানান।

চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে এবং কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেবের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার এবং বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ ফয়সল আহমেদ ফরাজী।

দিনব্যাপী এ সেমিনারে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে গৃহীত বিভিন্ন পরিকল্পনাকে উপস্থিত শিক্ষকরা সময়োপযোগী বলে মত প্রকাশ করেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়