প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৯:৫৬
প্রাথমিক বৃত্তিতে উপজেলায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কচুয়া উপজেলায় সবার শীর্ষস্থানে রয়েছে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
|আরো খবর
জানা গেছে, চলতি বছর কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৬জন পরীক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৩১জন। ট্যালেন্টপুলে ২৩জন ও সাধারণ গ্রেডে ৮জন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমন জানান, আমরা সকল শিক্ষক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল স্যারের নেতৃত্বে বছরের প্রথম থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি লক্ষ্য রেখে পাঠ পরিকল্পনা তৈরি করি। পঞ্চম শ্রেণীতে শতভাগ উত্তীর্ণের লক্ষ্যে ভালো এবং দুর্বল উভয় ছেলেমেয়েদের বিশেষ ক্লাস নেয়া হয়।
২০২৫ সালে বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। তাছাড়া সন্ধ্যার পর প্রত্যেক ছাত্র-ছাত্রীর বাড়িতে গিয়ে পড়ালেখা তদারকি করা হয়। ছাত্র-ছাত্রীদের দুর্বলতা কাটিয়ে ওঠা ও পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত মডেল টেস্ট নেয়া হয়। সর্বোপরি ভালো ফলাফলের জন্যে সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের সচেতনতায় এমন ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা ও দক্ষ পরিচালনা পর্ষদের জন্যেই আমাদের বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলার শীর্ষে রয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা হোসেন আফরা বলেন, আমরা আমাদের সিনিয়রদের সফলতায় গর্বিত। বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভালোভাবে পড়ালেখা করছি। আমরা আরো ভালো করবো ইনশাআল্লাহ।








