রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১

রায়পুরে মাদকসেবীর দেওয়া আগুনে পুড়লো ১১ বসতঘর ও ৬ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি।।
রায়পুরে মাদকসেবীর দেওয়া আগুনে পুড়লো ১১ বসতঘর ও ৬ দোকান

লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকসেবীর দেওয়া আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আসবাবপত্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের আশহক আলী বেপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ওই বাড়ির রফিক উল্যার ছেলে সোহেল নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে সে আগুন চারপাশের বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয়রা মিলে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা মাদকাসক্ত সোহেলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ক্ষতিগ্রস্ত 'জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ'-এর মালিক হোসেন বলেন, "আগুনে আমার দোকানের বিপুল পরিমাণ মালামাল ও পেছনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়।"

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এদিকে চোখের সামনে সাজানো সংসার ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম বিপাকে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের জরুরি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়