প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও নাতি-নাতনিসহ ৩ জনের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দাদা, নাতি ও নাতনিসহ একই পরিবারের তিনজনের করুণ মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে গিয়ে দুই শিশুও প্রাণ হারায় বলে স্থানীয়রা জানিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|আরো খবর
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে বৃদ্ধ আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তাঁর ছেলে আব্দুল আজিজের সন্তান পিয়াস (৮) এবং মেয়ে সুমি আক্তারের সন্তান পপি আক্তার (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান আবু সিদ্দিক। গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে আর ভেসে ওঠেননি। দাদাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে নাতি পিয়াস ও নাতনি পপি তাকে খুঁজতে গিয়ে পানিতে নেমে ডুবে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে আর উঠতে পারেননি। আর তাকে রক্ষা করতে গিয়ে দুই অবুঝ শিশুও পানিতে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, "একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








