প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩
শ্রীনগরে মাটি ছুঁয়ে গেছে অবৈধ বিদ্যুতের তার, বড় দুর্ঘটনার আশঙ্কা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-দোহার সড়কের রুদ্রপাড়ায় নাসির মুন্সির মার্কেটে একটি গ্রিল ওয়ার্কশপে নেওয়া হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবৈধ বিদ্যুৎ সংযোগ। প্রধান সড়কের মাটি স্পর্শ করে নেওয়া এই সংযোগের কারণে পথচারীদের প্রাণহানির চরম ঝুঁকি তৈরি হয়েছে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, 'আলমের গ্রিল ওয়ার্কশপ'-এ মার্কেটের মূল লাইন থেকে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই একটি তার টেনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তারটি ব্যস্ততম ঢাকা-দোহার সড়কের ওপর মাটির সাথে লেগে টিনশেড ঘরে ঢুকেছে।
প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম ও পাশের ব্যবসায়ীরা জানান, সড়কটি দিয়ে সারাদিন অগণিত মানুষ যাতায়াত করেন। কোনো কারণে তারটি ছিঁড়ে মাটি বিদ্যুতায়িত হলে যে কেউ মুহূর্তে স্পর্শে এসে বড় দুর্ঘটনার শিকার হতে পারেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে ওয়ার্কশপ মালিক আলমকে পাওয়া যায়নি এবং কর্মচারীরাও মুখ খুলতে রাজি হননি। অন্যদিকে অসুস্থ থাকায় মার্কেট মালিকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাটিতে দুর্ঘটনা এড়াতে দ্রুত বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।








