প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২১:৪৩
রামগঞ্জে 'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' শীর্ষক র্যালি ও আলোচনা সভা

'চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে'—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
|আরো খবর
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদুল ইসলাম মারুফ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মনোয়ার হোসেন (জিএস মনোয়ার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও আবুল বাশার সতু, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, এসআই বাবুর আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আবুল খায়ের কোম্পানি এবং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানান। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করার প্রতি জোর তাগিদ দেন তারা।
আলোচনা সভা শেষে পুলিশ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয় এবং সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।








