প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩:২০
শ্রীনগরে রাস্তার পাশে ওয়েল্ডিংয়ের তীব্র আলোয় পথচারীদের স্বাস্থ্যঝুঁকি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজারে রাস্তার পাশেই গড়ে উঠেছে অসংখ্য ওয়েল্ডিং কারখানা। নির্ধারিত সীমানার বাইরে এসে প্রকাশ্য দিবালোকে এসব কারখানার কর্মচারীরা রাস্তার ওপর রেখে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ওয়েল্ডিংয়ের কাজ করছেন। এতে তীব্র আলোক রশ্মি সরাসরি পথচারী ও চালকদের চোখে পড়ে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
|আরো খবর
স্থানীয় ও পথচারীদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলা জায়গায় ওয়েল্ডিং করার ফলে নির্গত ক্ষতিকর আলোর কারণে পথচারীদের চোখ লাল হয়ে যাওয়া, চোখে তীব্র ব্যথা ও অনবরত পানি পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘমেয়াদে এতে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রকাশ্য রাস্তায় ওয়েল্ডিং না করে যদি নির্ধারিত কারখানার ভেতরে আড়াল দিয়ে কাজ করা হতো, তবে সাধারণ মানুষ এই ভোগান্তি ও শারীরিক ঝুঁকি থেকে রক্ষা পেতেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানা মালিকদের আশু হস্তক্ষেপ ও তদারকি দাবি করেছেন স্থানীয়রা।








