প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৬:২০
রামগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে মহসিন হোসেন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের ফজু পণ্ডিতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন ওই বাড়ির দেলোয়ার হোসেন দেলুর ছেলে। সে স্থানীয় কালুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে মহসিন একা পুকুরঘাটে গোসল করতে যায়। সে সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে ঘাটের সিঁড়ি থেকে পা পিছলে গভীর পানিতে পড়ে তলিয়ে যায় সে। দীর্ঘ সময় পার হলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুরঘাটে মহসিনের কাপড়া-চোপড় দেখতে পেয়ে তার মা সেলিনা বেগম চিৎকার দেন। পরে স্বজনরা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর ঘাটের সিঁড়ির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।








