প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৪:৩৬
দোকানের ভেতর থেকে দাঁড়াশ সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকানঘরের ভেতর থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
|আরো খবর
শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারের জসিম মিয়া নামের এক ব্যবসায়ীর দোকানে হঠাৎ করে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী। পরে বাজারের উৎসুক জনতা সাপটি দেখতে ভীড় জমান।
এ সময় ক'জন সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলআমিন সাপটিকে না মারার পরামর্শ দিয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে দোকানের ভেতর থেকে নিরাপদে উদ্ধার করেন।স্বপন দেব সজল জানান, দোকানের ভিতর থেকে উদ্ধার করা সাপটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ। তিনি
জানান, এটি একটি কৃষি উপকারী নির্বিষ দাঁড়াশ সাপ।
এটি মানুষের জন্যে ক্ষতিকর নয়। সাপটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষকের ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
পরে তিনি সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে দেখলে প্রাণীর কোনো ক্ষতি না করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানোর আহ্বান জানান।উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।








