শনিবার, ২৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ মে ২০২৬, ২২:০৭

টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ

মৌলভীবাজার প্রতিনিধি
টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ

একটি খাতা, একটি কলম কিংবা একটি পেন্সিল। কারও কাছে খুব সাধারণ কিছু হলেও সুবিধাবঞ্চিত শিশুদের কাছে এগুলোই হতে পারে নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। আর সেই স্বপ্নের আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল রেল স্টেশনে সংগঠনটির মৌলভীবাজার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনের মূল শক্তি ছিল শিক্ষার্থীদের সঞ্চিত 'টিফিনের টাকা'।

বেলা ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন তাসীন, সহ-সভাপতি জুহায়ের আহমেদ জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিৎ রায়, ক্রীড়া সম্পাদক হোসেন আহমেদ সোহান এবং সদস্য সৌপ্তিক বড়ুয়া।

কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের চোখেমুখে ছিলো আনন্দের ঝিলিক। কেউ নতুন খাতা হাতে নিয়ে উচ্ছ্বসিত, কেউবা নতুন কলম পেয়ে মনের আনন্দে হাসছিল। ছোট ছোট এসব উপহার যেন তাদের কাছে হয়ে উঠেছিলো বড়ো প্রাপ্তি।

কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, “আমাদের সংগঠনের সদস্যরা সবাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৫ বছর ধরে সারাদেশে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা উপকরণ উপহার দিয়ে আসছি। পথশিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের স্কুলমুখী করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে আগামী দিনগুলোতেও লাল সবুজ উন্নয়ন সংঘ টিফিনের টাকায় মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”

স্বেচ্ছাসেবী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়