প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:২৬
১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য, তদারকিতে ৮ সুপারভাইজার
চাঁদপুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে ৮১ কর্মী

সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। গত অক্টোবর থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডে এ কার্যক্রম চলছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার ১৫টি ওয়ার্ডে তথ্য সংগ্রহের জন্য ৮১ জন তথ্যসংগ্রহকারী এবং তাদের তদারকির জন্য ৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তারা সরকারের সরবরাহ করা বিশেষ ট্যাব ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে পরিবারের নারী প্রধানের তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্য, আয়-ব্যয়, সম্পদ, বসতবাড়ি ও আর্থসামাজিক অবস্থার বিস্তারিত বিবরণ নেওয়া হচ্ছে এবং পরিবারগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মাঠপর্যায়ে এলাকা চেনানো, বাড়ি শনাক্ত করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করতে তথ্যসংগ্রহকারীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, নিয়োগপ্রাপ্ত কর্মীদের দুদিনের প্রশিক্ষণশেষে মাঠে নামানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে অতিদরিদ্র, দরিদ্র ও নিম্ন আয়ের নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত পদ্ধতিতে তথ্য যাচাই-বাছাই ও মূল্যায়নের মাধ্যমেই চূড়ান্ত সুবিধাভোগী নির্বাচন করা হবে। নির্ধারিত সময়সীমা অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে।
সুবিধাভোগী নির্বাচনে ‘পিএমটি’ পদ্ধতি
ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে ব্যবহার করা হবে পিএমটি বা ‘প্রক্সি মিনস টেস্ট’ পদ্ধতি। এটি একটি বৈজ্ঞানিক ও তথ্যনির্ভর মূল্যায়ন প্রক্রিয়া। এতে শুধু পরিবারের সদস্যদের মৌখিক আয়ের তথ্যের ওপর নির্ভর না করে পেশা, জমি ও সম্পদ, ঘরের ধরন, জীবনযাত্রার মান এবং সদস্যসংখ্যার মতো আর্থসামাজিক সূচক বিবেচনায় নিয়ে একটি স্কোর নির্ধারণ করা হয়। এ স্কোরের ভিত্তিতেই পরিবারের আর্থিক ঝুঁকির মাত্রা নিরূপণ করা হয়। ফলে ব্যক্তিগত সুপারিশ বা পরিচয়ের পরিবর্তে প্রকৃত অসচ্ছল পরিবারগুলোই সরকারি সহায়তার আওতায় আসার সুযোগ পাবে।
সরাসরি জাতীয় সার্ভারে যুক্ত হচ্ছে তথ্য
পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সরেজমিনে তথ্য সংগ্রহের সময় কথা হয় তথ্য সংগ্রহকারী খাদিজা আক্তারের সঙ্গে। তিনি জানান, সরকারি ট্যাবে নির্ধারিত ছক ও নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হচ্ছে এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তা তাৎক্ষণিক জাতীয় সার্ভারে পাঠানো হচ্ছে। নির্ভুলতা নিশ্চিত করতে প্রতিটি তথ্য বারবার যাচাই করা হচ্ছে। শুরুর দিকে কিছুটা সময় লাগলেও এখন কাজের গতি বেড়েছে।
একই ওয়ার্ডের আরেক তথ্যসংগ্রহকারী শিমুল আক্তার জানান, তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করাকেও তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
সহযোগিতায় স্থানীয় নেতাকর্মীরা
মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারীদের সহায়তা করতে দেখা গেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। অপরিচিত মহল্লায় বাড়িঘর চেনানো এবং সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রম সম্পর্কে আস্থা তৈরিতে তারা ভূমিকা রাখছেন।
১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী বলেন, "অনেক সময় অপরিচিত মানুষকে পারিবারিক তথ্য দিতে সাধারণ মানুষ দ্বিধাবোধ করেন। তাই আমরা তথ্যসংগ্রহকারীদের পরিচয় নিশ্চিত করা এবং বাড়িঘর চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছি। সরকারের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং প্রকৃত দরিদ্ররা যেন এর সুফল পায়, সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।"
নির্ভুল তথ্য প্রদানের আহ্বান
সংশ্লিষ্টদের মতে, এ কর্মসূচির সফলতার জন্য নির্ভুল তথ্য সংগ্রহই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করলে প্রকৃত অসচ্ছল পরিবারগুলো বঞ্চিত হতে পারে। তাই তথ্যসংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে সহায়তা করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ে ১৫টি ওয়ার্ডের কাজ শেষ হলে একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নকে আরও গতিশীল করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।








