প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২২:৪৪
সাড়ে ৫ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
আটক মাস্টারের মুক্তির সিদ্ধান্তে ধর্মঘট প্রত্যাহার, ঘাটে ফিরল স্বস্তি

ফেরির প্রথম শ্রেণির মাস্টার মো. মোশাররফ হোসেনকে আটকের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় আটক মাস্টারকে মুক্তির সিদ্ধান্ত হলে শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে টানা সাড়ে ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া শত শত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটিসি’র ‘কাকলী’ ফেরি ও একটি বালুবাহী বাল্কহেডের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় তরিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্র নিহত এবং আরও চারজন আহত হন। এ ঘটনার জেরে পুলিশ ফেরির প্রথম শ্রেণির মাস্টার মো. মোশাররফ হোসেনকে আটক করে চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
মাস্টার মোশাররফ হোসেনকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ভোর ৬টা থেকে নৌরুটের সব ফেরি চলাচল বন্ধ করে দেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বিমা) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আব্দুর রব বলেন, “মোশাররফ হোসেন একজন প্রথম শ্রেণির সনদধারী কর্মকর্তা। তাছাড়া নিহত মাদ্রাসাছাত্রের পরিবার লিখিতভাবে জানিয়েছে যে, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাদের অভিযোগ বা মামলা নেই। এরপরও তাকে আটকে রাখায় সহকর্মীরা কর্মবিরতিতে যান। তবে মানবিক বিবেচনায় জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার চালু রাখা হয়েছিল।"
চাঁদপুর হরিণা ফেরিঘাটের বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ চৌধুরী জানান, অচলাবস্থার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এবং চাঁদপুর ও শরীয়তপুরের পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করা হয়। আলোচনায় আটক মাস্টারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয় এবং বেলা সাড়ে ১১টার পর থেকে ফেরি চলাচল পুরোদমে শুরু হয়।
সকাল থেকে ফেরি বন্ধ থাকায় নারী, শিশু ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সাড়ে ৫ ঘণ্টার মাথায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ঘাট ইজারাদার মাইদুল ইউসুফ জিসানসহ সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।








