বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:৫৫

ফরিদগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা বেলাল হোসেন রাজু পাচ্ছেন এনার্জি মিডিয়া ফেলোশিপ

ফরিদগঞ্জের কৃতী সন্তান সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা বেলাল হোসেন রাজু পাচ্ছেন এনার্জি মিডিয়া ফেলোশিপ
নুরুল ইসলাম ফরহাদ

প্রাতিষ্ঠানিক আয়োজনে সম্মানজনক ‘এনার্জি মিডিয়া ফেলোশিপ ২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া স্পেশালিস্ট বেলাল হোসেন রাজু। ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ব্রাইটার্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তাকে এ ফেলোশিপের জন্য মনোনীত করা হয়।

মূলত জ্বালানি খাত, বিদ্যুৎ নীতি, নবায়নযোগ্য শক্তি এবং জলবায়ু পরিবর্তনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করতে এ ফেলোশিপের আয়োজন করা হয়েছে। ফেলোশিপের অংশ হিসেবে বেলাল হোসেন রাজু ইতোমধ্যে জ্বালানি নীতি, নবায়নযোগ্য শক্তি, কপ-৩১, ডেটা জার্নালিজম বা তথ্য-উপাত্তনির্ভর প্রতিবেদন এবং অনুসন্ধানী সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

গত প্রায় এক দশক ধরে গণমাধ্যমে সক্রিয় বেলাল হোসেন রাজু বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সংবাদমাধ্যম 'মঙ্গাবে' -এর কন্ট্রিবিউটর রিপোর্টার হিসেবে কাজ করছেন। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে স্বাধীন (ফ্রিল্যান্স) সাংবাদিক হিসেবেও যুক্ত আছেন। সম্প্রতি তিনি অনলাইন পোর্টাল 'ঢাকা মেইল'-এর মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতার, চ্যানেল আই পজিটিভ থিংক, দৈনিক জনকণ্ঠ ডিজিটাল, রাইজিংবিডি, বিবার্তা, মেডি ভয়েস, সোনালী নিউজ, দৈনিক শিরোনাম এবং দৈনিক কুমিল্লা কাগজসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কাজ করেছেন। প্রিন্ট, ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজের অভিজ্ঞতার পাশাপাশি তিনি নিয়মিত প্রামাণ্যচিত্র নির্মাণ, টেলিভিশন উপস্থাপনা, ভিডিও স্টোরি ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করে আসছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি' বিভাগ থেকে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে 'ব্রডকাস্ট জার্নালিজম'-এ পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। শিশু ও কিশোরদের ওপর তৈরি তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন পূর্বে সম্মানজনক 'ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনীত হয়েছিল।

জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য, মানবাধিকার, নারী ও শিশুর অধিকার, কৃষি, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ওপর বিশেষ আলোকপাত করা তাঁর সাংবাদিকতার প্রধান আগ্রহের ক্ষেত্র। পরিবেশের পরিবর্তন মানুষের জীবন-জীবিকায় কী ধরনের প্রভাব ফেলছে—তথ্য-উপাত্তের ভিত্তিতে তা তুলে ধরাতেই তিনি বেশি গুরুত্ব দেন।

নতুন এই ফেলোশিপের সুযোগ কাজে লাগিয়ে তিনি দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের নীতি, জীবাশ্ম জ্বালানির নির্ভরতা এবং নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা নিয়ে কাজ করতে চান। একইসঙ্গে জ্বালানি নীতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়া প্রভাবগুলো তিনি অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিয়ে তুলে ধরার পরিকল্পনা করেছেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেলাল হোসেন রাজু বলেন, “জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি মানুষের জীবন, অর্থনীতি, পরিবেশ ও জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত। এই ফেলোশিপের মাধ্যমে তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চা করে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পাঠকদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়