প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২১:৪৮
কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

কচুয়ায় এক লন্ডন প্রবাসীর বাড়ির গাছ কেটে নেওয়া এবং পুকুরের মাছ জোরপূর্বক লুটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। উপজেলার ৭ নম্বর কচুয়া দক্ষিণ সদর ইউনিয়নের হোসেনপুর খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।
|আরো খবর
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর খন্দকার বাড়ির মৃত খন্দকার শাহজাহানের ছেলে খন্দকার কামরুল হাসান (সোহেল) দীর্ঘ ২৬ বছর ধরে যুক্তরাজ্য প্রবাসী। তাদের অনুপস্থিতিতে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাওহিদুল ইসলাম, তার পিতা আজিজ মাস্টার ওরফে আজু মাস্টার এবং আলাউদ্দিন মিলে বসতবাড়ির কয়েকটি গাছ কেটে নিয়ে যান এবং বাড়ির তিনটি পুকুরের মাছ জোরপূর্বক লুটে নেন।
লন্ডন প্রবাসী খন্দকার কামরুল হাসান মুঠোফোনে জানান, "আমাদের পরিবারের কেউ বাড়িতে থাকে না। ছোট বোনটি কুমিল্লায় থাকে। এই সুযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তাওহীদ, তার পিতা আজিজ মাস্টার ও আলাউদ্দিন আমাদের বাড়ির তিনটি পুকুরের মাছ ও কয়েকটি গাছ কেটে নিয়ে গেছেন। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি আমার ছোট বোনকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেছি; কিন্তু সে তাদের ভয়ে নিরুপায় হয়ে থানায় যেতে পারছে না।"
এ ঘটনায় প্রবাসী পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসে থেকে নিজের পৈতৃক বাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন ওই প্রবাসী।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।








