সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৯:৫২

ফরিদগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন।

ফরিদগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা মাদকমুক্ত রাখা, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মদিনা বাজার সংলগ্ন দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে কয়েকশ’ শিক্ষার্থী ও স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মদিনা বাজার এবং দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসা ও নূরানী মাদ্রাসাসংলগ্ন এলাকা ও সড়কটি মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ জোনে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের আঁধারে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হওয়া এই এলাকার বিরুদ্ধে কথা বললেই স্থানীয়দের হুমকি-ধমকি দেওয়া হয়। এলাকাটি বেশ কয়েকটি ইউনিয়নে যাতায়াতের প্রধান রুট হওয়ায় অপরাধীরা এখানটাকে তাদের অপরাধ সংঘটনের নিরাপদ স্থান হিসেবে ব্যবহার করছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সম্প্রতি মদিনা বাজার এলাকায় সচেতন লোকজন এক মাদকসেবী ও কারবারিকে আটকের চেষ্টা করলে সে অটোবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার সামনে দুর্ঘটনার শিকার হয়। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে এবং ইতোমধ্যে থানায় মামলা দায়ের করে নিরপরাধ একজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা পুলিশ প্রশাসনের প্রতি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান, যাতে মূল রহস্য উন্মোচিত হয় এবং কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন।

দক্ষিণ হর্ণি সৈয়দ তাহেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ইলমি আক্তার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হারুনুর রশিদ এবং এলাকাবাসীর পক্ষে ফারুক হোসেন, তাহসিন আহমদ ও আনিছুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়। মানববন্ধন শেষে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়