প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৪:০৩
কলেজভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

চাঁদপুর শহরতলীর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ দিনব্যাপী অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে রোববার (১ নভেম্বর ২০২৬) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাবুহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। চাঁদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও দ্য এশিয়ান এজ-এর চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রশিক্ষিকা মোছা. ফরিদা আক্তার এবং ওয়ার্ড দলনেত্রী বিলকিস আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন বলেন, "প্রশিক্ষণ মানুষের জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিডিপির এ মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক সচেতনতা, শৃঙ্খলা, নৈতিকতা এবং ভবিষ্যৎ জীবনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবে।"
১০ কার্যদিবসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন। সেশনগুলোতে সংগঠন ও প্রশিক্ষণবিষয়ক আলোচনা, সামাজিক অপরাধ প্রতিরোধ, গুজব ও ঘৃণা ছড়ানো রোধ, ধর্মীয় উগ্রতা ও সহিংসতা মোকাবিলার কৌশল, কৃষি উদ্যোক্তা উন্নয়ন, নৈতিকতা ও শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া সামাজিক অপরাধের তথ্য সংগ্রহ, যাচাই ও প্রেরণের কৌশল, মাদক প্রতিরোধ, অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া এবং ক্ষুদ্র প্রকল্পে বিনিয়োগের জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে আর্থিক সহায়তা পাওয়ার উপায় ও শর্ত সম্পর্কেও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হবে।
চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সেশনে এই প্রশিক্ষণ পরিচালনা করবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জীবনমুখী ও সামাজিক বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী ১২ নভেম্বর শেষ হবে।








