শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৫:৪২

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনকালে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে

স্টাফ রিপোর্টার।।
সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে
চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালি।

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

২২ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেস ক্লাবের সামনে নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিশেষে বেলা ১২টায় চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল রুশদী। তিনি বলেন, "নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। ১৯৯৩ সালে তাঁর হাত ধরেই দেশে নিরাপদ সড়ক আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে সরকার দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে, যা এই সংগঠনের একটি বড় সাফল্য। বর্তমানে এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।"

তিনি আরও বলেন, "সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অকাল মৃত্যু রোধে চালক, পথচারী ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে। গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার ও সিটবেল্ট নিশ্চিত করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় বা মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। সবাই ট্রাফিক আইন মেনে চললেই সড়ক নিরাপদ রাখা সম্ভব।"

চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর কুমার ও 'নিরাপদ সড়ক চাই' জেলা কমিটির যৌথ প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, "যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, নিয়মিত আইন প্রয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। সেই সাথে পথচারীদের ফুটপাত ও জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতন হতে হবে।"

নিসচা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সদস্য সচিব শওকত করিম, যুগ্ম সম্পাদক শাহ আলম, সুজয় চৌধুরী লিটন, এসআই আকাশ, অ্যাডভোকেট মুসলিম মিয়া, আলী শেখ, আলী আক্কাস মিজি, রুবেল হোসেন ও মতিন তপাদার ভুট্টুসহ অনেকে।

কর্মসূচির শুরুতে পথচারী ও যানবাহন চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সভাপতি এম এ লতিফের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়