প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২০:৩৬
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঐতিহ্যবাহী ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের পরিচালক, ক্রীড়ানুরাগী সাদ্দাম হোসেন মিঠু। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
|আরো খবর
উপজেলা পর্যায়ে শাহরাস্তি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করে ক্রীড়াঙ্গনে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেন অদম্য তরুণ সাদ্দাম হোসেন মিঠু। তাঁর প্রতিষ্ঠিত একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বেশ ক'জন উদীয়মান ক্রিকেটার ঢাকার বিভিন্ন স্বনামধন্য ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া তাঁর সার্বিক পরিচালনায় আয়োজিত ‘শাহরাস্তি প্রিমিয়ার লিগ’ আঞ্চলিক ক্রীড়াঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। উক্ত প্রতিযোগিতায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি টুর্নামেন্টের আমেজ ও আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়।
মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ হিসেবে খেলাধুলা তথা ক্রিকেটকে হাতিয়ার বানিয়েছেন হার না-মানা এই তরুণ সংগঠক। তাঁর এই অর্জন শাহরাস্তির ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার ভাসিয়ে দিয়েছে।








