প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২০:০০
চাঁদপুরে নানা আয়োজনে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপিত

প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তী (৫০ বছরপূর্তি), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত মূল অনুষ্ঠানে চাঁদপুর প্রান্ত থেকে অংশ নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে শিশুদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিশুদের খোঁজখবর নেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠান ও কুশল বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা প্রশাসন, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, "শিশুদের সঠিক বিকাশ ও তাদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলাই বাংলাদেশ শিশু একাডেমির মূল লক্ষ্য।" একই সাথে শিশু অধিকার রক্ষা এবং চাঁদপুরের শিশুদের শারীরিক ও মানসিক সুষম বিকাশে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।







