শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮

ফরিদগঞ্জের বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়াকে সংবর্ধনা জানালো প্রেসক্লাব

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়াকে সংবর্ধনা জানালো প্রেসক্লাব

ফরিদগঞ্জের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। দায়িত্ব পালনকালে তাঁর সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সাংবাদিকরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ইউএনও-এর হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন সাংবাদিকবৃন্দ। এ সময় তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।

আবেগঘন বক্তব্যে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, "ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের খুব কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এই জনপদের সঙ্গে আমার আত্মার বন্ধন তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অকৃপণ সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস ছোবহান লিটন এবং বর্তমান সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও মশিউর রহমান।

বক্তারা বিদায়ী ইউএনও'র কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকারি নিয়মনীতি মেনে চলার পাশাপাশি তিনি গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় অনন্য ভূমিকা রেখেছেন। নিজের কর্মগুণেই তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ অক্টোবর ফরিদগঞ্জে যোগ দিয়ে দীর্ঘ ১১ মাস ১৪ দিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন সেটু কুমার বড়ুয়া। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন। এদিকে, তাহেরপুর থেকে বদলি হয়ে আসা নতুন ইউএনও মেহেদী হাসান মানিক রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জে যোগদান করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়