প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪
সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দাপট

চাঁদপুরে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সাঁতার ও দাবা (বালক) মধ্যম বিভাগে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে সাঁতার ও দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা।
|আরো খবর
গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রতিযোগিতায় দাবা (বালক) মধ্যম বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ (রিজন)। অন্যদিকে, সাঁতার প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখায় মীলা আক্তার, শিউলি আক্তার, আরাফাত খান ও সামিউল বশর। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করে।
শিক্ষার্থীদের এই সাফল্যের প্রতিক্রিয়ায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, “আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সব সময় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখছে। সরকারের পাশাপাশি আমরাও শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত উৎসাহিত করছি। জেলা পার হয়ে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সুনাম কুড়াবে বলে আমরা আশাবাদী।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অনুশীলন, সঠিক পরিচর্যা এবং শিক্ষকদের নিরবচ্ছিন্ন উৎসাহের কারণেই ক্রীড়া ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ধারাবাহিক এই সাফল্য আসছে।
গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় সাঁতার ও দাবায় এই সাফল্যের বার্তা পৌঁছালে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অর্জন আগামীতে আরও বড় জয়ের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








