প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০
ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান আক্তার হোসেন মাঝির

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি বলেছেন, সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বিএনপি। ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, দেশের সব মানুষকে সমান চোখে দেখে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমরা 'সংখ্যালঘু' বলতে কিছু বুঝি না—এ দেশের নাগরিক হিসেবে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীন ও নিরাপদ পরিবেশে পালন করবে।
|আরো খবর
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী মহোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আক্তার হোসেন মাঝি আরও বলেন, “জন্মাষ্টমী কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উপলক্ষ। অতীতে দুর্গোৎসবসহ সকল ধর্মীয় পার্বণে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা পাশে থেকেছে, ভবিষ্যতেও সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন সে উদ্যোগ অব্যাহত থাকবে।” এ সময় ধর্ম নিয়ে চক্রান্তকারী ও ধর্মান্ধ গোষ্ঠীর অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও দলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।
পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারী, রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের সেক্রেটারী ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চান মিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ডা. পীযূষ সাহা ও নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ফরিদ আহমেদ বেপারী, মো. তাছির বেপারী, দুলাল খান, মো. আসলাম তালুকদারসহ মন্দির কমিটি, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও হিন্দু মহাজোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী মহোৎসবের সমাপ্তি ঘটে।








