প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯:১৯
মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য বরখাস্ত

মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত মঙ্গলবার (১২ আগস্ট ২০২৬) এ সংক্রান্ত অফিস আদেশ প্রদান করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন : উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন (বিপি নং ৮৮০৭১২২৩৪৪), সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল্লাহ (বিপি ৮৪০৩১১১৪৯১), কনস্টেবল শরিফ উদ্দিন (বিপি ৯৬১৫১৭৮৭৩৭), গাড়িচালক নজরুল ইসলাম (বিপি ৮২০১০৮৮৪১৮) এবং কনস্টেবল ইসতিয়াক (বিপি ৯৪১৪১৬৯৪৪৪)।
|আরো খবর
গত ২৮ জুলাই ২০২৬ উপজেলার আয়নাতলি বাজারে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে জনগণ আটক করে। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য তার মোবাইল ফোনে পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হলে প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুরের পুলিশ সুপার তাঁদের সাময়িক বরখাস্ত করেন।
এদিকে মাদকের সঙ্গে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে গত ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ এবং ৫ আগস্ট শরিফ উদ্দিন কুমিল্লায় তড়িঘড়ি করে বদলি হয়ে যান। সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ৫ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।







