প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৮:২৬
জুলাই শহীদদের স্মরণে এনডিএফ চাঁদপুরের আলোচনা সভা ও দোয়া

জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে চিকিৎসকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমদ।
|আরো খবর
বুধবার (৫ আগস্ট ২০২৬) ফ্যাসিবাদ মুক্তির দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. সালেহ আহমদ বলেন, "অতীতের ফ্যাসিবাদী শাসনের অত্যাচার ও নিপীড়নের ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে।" একই সাথে দেশ ও জনগণের কল্যাণে সততা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে কাজ করার জন্যে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এনডিএফ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ডা. অলিউর রহমান মজুমদার। সভাটি সঞ্চালনা করেন এনডিএফ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহিবুর রহমান সা'দাত এবং দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।








