প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬:১৮
শাহরাস্তি পৌরসভার ৪৬ কোটি ৬০ টাকার বাজেট ঘোষণা

শাহরাস্তি পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকালে পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন হিসাবরক্ষণ কর্মকর্তা মসিউর রহমান।
|আরো খবর
শাহরাস্তি পৌরসভার মোট বাজেট ধরা হয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ৬১ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৩৭ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ব্যয় বাদে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে অংশ নিয়ে পৌরসভার অব্যবস্থাপনার কথা তুলে ধরেন কয়েকজন নাগরিক। তারা বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি ও সড়ক বাতি লাগানোর উপর পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভাপতির বক্তব্যে প্রশাসক মনিরা খাতুন বলেন, আমিও একজন পৌর নাগরিক। আপনাদের মতো আমিও পৌর সেবা থেকে বঞ্চিত।
পৌরসভাটি আরো উন্নত হওয়ার দরকার ছিলো। আমি যতদিন পর্যন্ত দায়িত্বে থাকবো আপনাদের সমস্যাগুলো সমাধান করতে কাজ করবো।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, যুবদল আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান ও পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলাম।








