শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২১:৪৬

ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজের ইন্তেকাল

মাহবুব আলম লাভলু।। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দুবারের সাবেক মেয়র ও ছেংগারচর ইউনিয়ন পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ রফিকুল আলম জজ চলে গেলেন না ফরার দেশে।বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর জ্যেষ্ঠ চাচাতো ভাই মো. মিরাজ।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন রফিকুল আলম জজ। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। মরদেহ দেশে আনতে দু-একদিন সময় লাগতে পারে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ গ্রাম জজনগরে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে রফিকুল আলম জজ দু স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মতলব উত্তর উপজেলার পৌর এলাকার জজনগর গ্রামের মরহুম আবু নাছের ওয়াহেদের ছেলে।

রফিকুল আলম জজ ছিলেন জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ এবং জজ আইডিয়াল কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা। শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।

রাজনৈতিক জীবনে তিনি প্রথমে জাতীয় পার্টির রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দীর্ঘসময় স্থানীয় রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৮৭ সালে মাত্র ২৭ বছর বয়সে জাতীয় পার্টি সরকারের আমলে ছেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সে সময়ের অন্যতম তরুণ জনপ্রতিনিধি হিসেবে তিনি পরিচিতি পান। পরে দ্বিতীয়বারও চেয়ারম্যান নির্বাচিত হন এবং সর্বশেষ ১৯৯৭-৯৮ সালে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।

ছেংগারচর পৌরসভা প্রতিষ্ঠার পর ২০১১ সালের উপ-নির্বাচনে তিনি প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের পৌর নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হয়ে টানা দ্বিতীয় মেয়াদে পৌরসভার দায়িত্ব পালন করেন।

জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী হোসেন বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। শিক্ষা বিস্তারে তাঁর অবদান এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, সাবেক মেয়র রফিকুল আলম জজের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। পৌরসভার পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়