প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৫:৪৫
মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবের এক অনন্য আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়েছে। শিশুর হাসি, শিক্ষকদের আন্তরিকতা আর মৌসুমি ফলের রঙিন সমারোহে এক অনন্য সন্ধ্যার সাক্ষী হলো চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা। ব্যস্ত নগরজীবনের কোলাহল ছাপিয়ে সেখানে যেনো ছড়িয়ে পড়েছিলো সৌহার্দ্য, মানবিকতা ও ভাগাভাগি করে নেওয়ার এক নির্মল আনন্দ।
|আরো খবর
চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ব্যতিক্রমী এই ফল উৎসব। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সন্ধ্যায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এই আয়োজন শুধু ফল ভোজনেই সীমাবদ্ধ ছিলো না, এটি ছিলো হৃদয়ের বন্ধন দৃঢ় করার এক সুন্দর প্রয়াস।
এতিম, আবাসিক ও কওমি শিক্ষার্থীদের জন্যে এমন আয়োজন করা হয়, যেখানে মৌ মৌ গন্ধে মুখর রঙিন সমারোহে বাহারি দেশি ফল পরিবেশন করা হয়।
হলরুমে প্রবেশ করলেই চোখে পড়ে নানা ধরনের দেশীয় মৌসুমি ফল আম, কাঁঠাল, লিচু, তরমুজ, কলা, আনারসসহ বিভিন্ন ফলের সমাহারে সাজানো টেবিলগুলো, যা বাংলার প্রকৃতির প্রাচুর্যের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি হয়ে উঠেছিলো। ফলের মিষ্টি ঘ্রাণে ভরে ওঠে পুরো পরিবেশ। শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বসিত মুখ আর আনন্দমাখা চোখে ফুটে ওঠে উৎসবের প্রকৃত সার্থকতা।
ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি সিরাজুল ইসলাম। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাসেল পারভেজের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপদেষ্টামণ্ডলীর সদস্য ফয়সাল আহমেদ বাহার, সালাউদ্দিন সেলিম, মোস্তফা মাল ও রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মসজিদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন আশরাফী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপদেষ্টামণ্ডলীর সদস্য ফয়সাল গাজী বাহার, সালাউদ্দিন সেলিম, হোসেন চোকদার, মোস্তফা মাল, জিল্লু বেপারী, হোসেন গাজী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, বইয়ের পাঠের পাশাপাশি সুস্থ জীবনবোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমান গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সৌজন্যবোধ এবং ভাগাভাগি করে খাওয়ার সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
ফল উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে একসঙ্গে বসে ফল খাওয়ার এই অভিজ্ঞতা তাদের কাছে নতুন ও আনন্দময়। তাদের হাসি-আনন্দ যেন পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
বড় স্টেশন কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল পারভেজ বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, ছোট ছোট মানবিক আয়োজনই সমাজে ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করেন।
ছবি ক্যাপশন-








