প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৫০
আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়কের লাশ নদীতে পাওয়া গেছে
২ দফা জানাজা শেষে দাফন সম্পন্ন

চাঁদপুর পৌরসভার উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। রোববার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে এতিমখানার দক্ষিণ পাশে ডাকাতিয়া নদীতে তাঁর লাশ ভেসে উঠে। পরে চাঁদপুর নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিরা সে লাশ উদ্ধার করেন।
|আরো খবর
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াস জানান, হুজুর শনিবার জোহর নামাজের পর নদীতে গোসল করতে গিয়েছিলেন। আসরের নামাজের সময় হয়ে গেলেও হুজুর না আসায় আমি নদীর পাড়ে এসে দেখি, হুজুরের জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। আমি ছাত্রদের সাথে এদিকসেদিক খুঁজেও তাকে পাইনি। পরে আমি বিষয়টি এতিমখানার সেক্রেটারি মাও. মো. আবদুর রহমান স্যারকে জানাই। পরে তিনি ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও মডেল থানার পুলিশকে জানান।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। মুফতি শামছুদ্দিনের বড়ো ভাই গিয়াসউদ্দিন ও তার শাশুড়ির আবেদনের প্রেক্ষিতে লাশ পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। রোববার আল আমিন এতিমখানায় বিকেল সাড়ে তিনটায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মরহুমের নিজ বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের আলীপুর গ্রামের দক্ষিণপাড়া মজুমদার বাড়িতে সম্পন্ন করে বাবার কবরের পাশেই দাফন করা হয়।








