প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২৩:০৬
ফরিদগঞ্জে পরিকল্পিত হামলায় আহত ২।। এলাকায় চরম আতঙ্ক

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর এলাকায় পরিকল্পিত ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। যা এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগীরা জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্ট মাওলানা সারাফতুল্লাহ ও তার সহযোগীরা বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়। হামলার লক্ষ্য ছিলেন মুক্তির তোরণ ইসলামী সংগঠনের প্রধান উপদেষ্টা, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
একই সময় ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবদল নেতা ও উক্ত সংগঠনের প্রধান সমন্বয়ক রাকিব হাওলাদারের ওপরও হামলা করা হয়। হামলায় তারা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে, যা হামলাকারীদের দুঃসাহসিকতা এবং আইনের প্রতি অবজ্ঞারই প্রমাণ বহন করে। তাদের দাবি, অভিযুক্তরা পূর্বেও একাধিকবার এ ধরনের সহিংস ঘটনায় জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা ঈমান হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মোল্লা, ফরিদগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির মিজি এবং ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ আরও অনেকে।
হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. আশেক, মাসেক, ফজলে, ছাহাদ, হৃদয়, মো. জুনায়েদ এবং জাহিদুলসহ বেশ কয়েকজন।
এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।







