প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩১
মতলব উত্তরে জমি দখলের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সংবাদ সম্মেলন

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালালোকদী এলাকায় জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নূরুল আলম মোল্লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
|আরো খবর
লিখিত বক্তব্যে নূরুল আলম মোল্লা জানান, তারা তিন ভাই—মো. নজরুল ইসলাম মোল্লা, মো. নূরনবী মোল্লা এবং তিনি নিজে। পৈত্রিক সম্পত্তির অংশ ছাড়াও চাকরি ও দীর্ঘদিন বিদেশে উপার্জিত অর্থ দিয়ে তিনি জমি ক্রয় করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, তার বড়ো ভাইয়ের তিন ছেলে মো. আলমগীর হোসেন মোল্লা, আল মাহমুদ টিটু মোল্লা ও মো. মাহবুবুর রহমান মোল্লা গত প্রায় ১৭ বছর ধরে জোরপূর্বক তার পালালোকদী মৌজার জমি ভোগদখল করে আসছে।
তিনি দাবি করেন, সিএস খতিয়ান ২০১ ও ২৭১ এবং বিএস খতিয়ান ১০৯৯-এর আওতায় সিএস দাগ ১০৭৮ ও ১০৭৯, বিএস দাগ ১৫৫৪-এ মোট ৩৩ শতক এবং সিএস খতিয়ান ১২৭, বিএস খতিয়ান ১০৯৯, সিএস দাগ ১০৮১ ও বিএস দাগ ১৯৯৮-এ ৩১ শতকসহ মোট ৬৪ শতক জমি তার মালিকানাধীন। কিন্তু তার বড়োভাই জীবিত অবস্থায় ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিবাদ করায় তাকে ও তার সন্তানদের একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তার দাবি, অভিযুক্তরা তার কাঠবাগানের প্রায় ১৮০টি গাছ কেটে বিক্রি করেছে, জমি কেটে পুকুর তৈরি করেছে এবং প্রতারণার মাধ্যমে লোকজনের নিকট জমি বিক্রির চেষ্টা করছে। এমনকি তাকে মৃত বলে প্রচার করে জমি বিক্রির অভিযোগও তুলেছে।
তিনি জানান, এসব ঘটনার পর তিনি বিএস সংশোধন মামলা নং ২৯০/২০২৬ দায়ের করেছেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। তবে মামলার মধ্যেও অভিযুক্তরা নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, তাকে তার পাওনা জমি ফিরিয়ে দেওয়া হোক এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।
এ সময় নূরুল আলম মোল্লার ছেলে মো. আবু মুছা মোল্লাও বক্তব্য রাখেন এবং বাবার অভিযোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।








